ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা আরও পাঁচ কার্যদিবস বাড়ানো হয়েছে। আগামী রোববার পর্যন্ত কমিটির মেয়াদ ছিল, তবে তদন্তকাজ সম্পন্ন না হওয়ায় এই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান।

১৪ সেপ্টেম্বর লিফটে অগ্নিকাণ্ডের পরপরই হাসপাতাল প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। উপপরিচালক জাকিউল ইসলাম স্বাক্ষরিত আদেশে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস ও উপবিভাগীয় প্রকৌশলী মাজেদুর রহমানকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। তবে এই কমিটি নিয়ে সমালোচনা শুরু হলে ১৬ সেপ্টেম্বর আগের কমিটি বাতিল করে নতুন ছয় সদস্যের কমিটি গঠন করা হয়। মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়াকে প্রধান এবং সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খানকে সদস্যসচিব করা হয়।

নতুন কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। আগুনের প্রকৃত কারণ, সংশ্লিষ্টদের গাফিলতি, ক্ষয়ক্ষতির হিসাব এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে করণীয় বিষয়ে সুপারিশ করার জন্য কমিটিকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু তদন্ত কাজ শেষ না হওয়ায় কমিটির প্রধান গতকাল লিখিত আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আজ থেকে আরও পাঁচ কার্যদিবস সময় বাড়ানো হয়েছে।

তদন্তের অগ্রগতি নিয়ে জানতে চাইলে সদস্যসচিব মোহাম্মদ মাইনউদ্দিন খান মুক্তকণ্ঠকে বলেন, "তদন্তকাজ শেষ না হওয়ায় কমিটির প্রধান আরও পাঁচ কার্যদিবস বাড়ানোর জন্য গতকাল লিখিত আবেদন করেন। এ পরিপ্রেক্ষিতে আরও ৫ কার্যদিবস বাড়ানো হয়েছে।" তিনি আরও যোগ করেন, "এ নিয়ে খণ্ডিতাংশে এখনই কিছু বলা যাবে না।"

১৪ সেপ্টেম্বর বিকেলে হাসপাতালের আটতলা ভবনের ১১ নম্বর লিফটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হয় এবং অনেক আহত হন। এ ঘটনায় চারজনের মৃত্যুর খবর সামনে আসলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা নাকচ করেছে। তাদের দাবি, চারজনের মধ্যে দুজন স্বাভাবিকভাবে মারা গেছেন এবং দুজন আগুনের আতঙ্কে মারা গেছেন।