ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চলতি বছর ওই হাসপাতালে ডেঙ্গুজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২০ জনে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জন রোগী ভর্তি হলে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৩ জনে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাইনউদ্দীন খান।
মারা যাওয়া দুই রোগী হলেন—ময়মনসিংহের তারাকান্দা উপজেলার নুরুল আমিনের ছেলে আল আমিন (৩৫) এবং নেত্রকোনার বারহাট্টা উপজেলার গাছতলা এলাকার ইসহাক মিয়ার স্ত্রী কুলসুমা (৫০)।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১৬ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে আল আমিন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। তাঁর শরীরে ডেঙ্গু জ্বরের পাশাপাশি তীব্র কিডনি কার্যক্ষমতা হ্রাস, ডায়াবেটিস ও হৃদরোগের লক্ষণ দেখা দেয়। অন্যদিকে, একই দিন বিকেল চারটার দিকে কুলসুমাকে ভর্তি করা হয়। তিনি ডেঙ্গু জ্বরের পাশাপাশি তীব্র কিডনি বিকল অবস্থায় ছিলেন। পরবর্তীতে দুইজনকেই নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কুলসুমা এবং বেলা সাড়ে ১১টায় আল আমিনের মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে চিকিৎসাধীন ১০৩ রোগীর মধ্যে ৫৭ জন পুরুষ, ৩৬ জন নারী এবং ১০ জন শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ৭৫ রোগী ছাড়পত্র পেয়েছেন।
এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাইনউদ্দীন খান বলেন, "চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সর্বমোট ২ হাজার ৩৮৪ জন ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ২০ জন মারা গেছেন। এর আগে গত বছর (জানুয়ারি থেকে ডিসেম্বর) মোট ২ হাজার ৯৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন।"