রাজধানীর মিরপুর পাইকপাড়া সরকারি কোয়ার্টারে লিফট দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পাশাপাশি ঘটে যাওয়া এ দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপসচিব মো. আবু নাছের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, তদন্ত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল বাকের মো. তৌহিদকে। কমিটির অন্য দুই সদস্য হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুব আলম এবং গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ই/এম) আবদুল্লাহ আল মামুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২ অক্টোবর) পাইকপাড়া সরকারি কোয়ার্টারে এই লিফট দুর্ঘটনা ঘটে। তদন্ত কমিটিকে লিফট রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় যথাযথ নিয়ম প্রতিপালন করা হচ্ছিল কিনা তা যাচাই এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানসহ দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

গঠিত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব বরাবর তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।