বেদানা রসের স্বাদে অনেকেই মুগ্ধ হন। তবে ফলটি খেয়ে শেষে বীজগুলো চিবিয়ে খাবেন নাকি ফেলে দেবেন, এ নিয়ে প্রায়ই দ্বিধা দেখা দেয়। অনেকের শক্ত বীজ চিবানোর ভয়ে তা ফেলে দেওয়ার অভ্যাস রয়েছে। কিন্তু পুষ্টিবিজ্ঞানীদের মতে, বেদানার বীজ ফেলে দেওয়ার কোনো কারণ নেই; বরং এটি পুষ্টিতে ভরপুর একটি খাবার। সম্প্রতি পুষ্টিবিজ্ঞানীরা বেদানার বীজের বিভিন্ন উপকারিতা তুলে ধরেছেন।
বেদানার বীজে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও ম্যাগনেসিয়াম, যা হজমশক্তি বৃদ্ধি এবং শরীর সুস্থ রাখতে সহায়তা করে। এছাড়া ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই বীজের বিশেষ অ্যাসিড মস্তিষ্ক ও শরীরের প্রদাহ বা জ্বালাপোড়া কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, বীজে থাকা পলিআনস্যাচুরেটেড ফ্যাট হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী।
বেদানার বীজ খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। বীজগুলো ভালো করে চিবিয়ে খাওয়া উচিত, আস্ত গিলে ফেলবেন না। দাঁত দিয়ে ভালো করে চিবালেই এর ভেতরের পুষ্টি শরীর সঠিকভাবে গ্রহণ করতে পারে। যদিও এর গুণাগুণ অনেক, একবারে অতিরিক্ত পরিমাণে বীজ খেলে পেটে অস্বস্তি বা হজমের সমস্যা হতে পারে। তাই পরিমিত পরিমাণে খাওয়াই বুদ্ধিমানের কাজ। খাবারের স্বাদ বাড়ানোর জন্য আপনি পরিমাণমতো বেদানার বীজ ব্যবহার করতে পারেন। সালাদ, টক দই বা আইসক্রিমের ওপর ছড়িয়ে দিলে এটি খেতে বেশ মুচমুচে ও সুস্বাদু লাগে।
বাজার থেকে ভালো বেদানা কেনার সময় গাঢ় লাল বা রুবি রঙের ফল বেছে নেওয়া উচিত। হাত দিয়ে ধরে দেখুন, ফলের আকার অনুযায়ী এটি যেন বেশ কিছুটা ভারী মনে হয়। ভারী বেদানার অর্থ হলো, তাতে রস বেশি। কৃষি বিজ্ঞানীদের মতে, নিখুঁত গোল ফলের চেয়ে একটু চ্যাপ্টা বা কোণাকৃতির বেদানা সাধারণত বেশি মিষ্টি ও রসালো হয়।
বেদানা সংরক্ষণের বিষয়ে জানা জরুরি। আস্ত বেদানা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখলে প্রায় ১ মাস পর্যন্ত ভালো থাকে। আর সাধারণ ফ্রিজে এটি প্রায় ২ মাস সতেজ থাকে। একবার বেদানা ছাড়িয়ে নিলে বীজগুলো বাটিতে করে ডিপ ফ্রিজে জমিয়ে রাখতে পারেন, এভাবে প্রায় ১ বছর পর্যন্ত নিশ্চিত থাকা যায়। তবে কেটে রাখা সাধারণ বেদানা কয়েক দিনের মধ্যেই খেয়ে ফেলা ভালো।
বেদানা কাটার সময় এর লাল রস কাপড়ে লাগলে সেই দাগ তোলা বেশ কঠিন হয়ে পড়ে। এটি এড়াতে একটি সহজ উপায় কাজে লাগাতে পারেন। একটি বড় পাত্রে পানি নিয়ে তার ভেতরে বেদানার টুকরোগুলো ডুবিয়ে খোসা ছাড়িয়ে দানা আলাদা করুন। এতে রস গায়ে ছিটকে আসবে না। পানির নিচে পরিষ্কার দানাগুলো জমা হবে আর সাদা খোসার অংশগুলো ওপরে ভেসে উঠবে, যা সহজেই ফেলে দেওয়া যায়। আজ থেকে বেদানার বীজ গিলবেন না ফেলে দেবেন, সেই কনফিউশনে না থেকে নিশ্চিন্তে পরিমিত পরিমাণে চিবিয়ে খেতে পারেন।
সোর্স: টিভি৯ বাংলা