ঝিনাইদহের কালীগঞ্জে এক প্রবাসীর বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে আড়াই ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার দিঘারপাড়া গ্রামের রাহুল হোসেন (৩০) ও মেহেদী হাসান (২৫)।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর ভোররাতে দিঘারপাড়া গ্রামের প্রবাসী পারভেজ কামালের বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরেরা জানালার রড কেটে ঘরে ঢুকে আলমারি ভেঙে প্রায় সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫ হাজার ৮০০ টাকা লুট করে। ভুক্তভোগী পরিবারের দাবি, চুরি হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
এই ঘটনায় পরদিন পারভেজ কামালের স্ত্রী সীমা খাতুন কালীগঞ্জ থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলাকালীন পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অভিযুক্তরা সোনা বিক্রির উদ্দেশ্যে যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে অবস্থান করছে। এরপর বুধবার দুপুরে কালীগঞ্জ থানার এসআই রানা প্রতাপের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালিয়ে রাহুল ও মেহেদীকে আটক করে। তল্লাশির সময় তাদের কাছ থেকে আড়াই ভরি সোনা উদ্ধার করা হয়।
ভুক্তভোগী সীমা খাতুন বলেন, "ঘটনার রাতে চোরেরা ঘরের জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করেছিল বলে আমাদের ধারণা। এতে পরিবারের সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। পরে চোরেরা জানালার রড কেটে ঘরে ঢুকে আলমারি ভেঙে স্বর্ণালংকার নিয়ে যায়। ভোরে আমার মা নামাজ পড়তে উঠে জানালা ও আলমারি ভাঙা দেখে চুরির বিষয়টি বুঝতে পারেন।"
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, "প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় তার স্ত্রী মামলা দায়ের করেছিলেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে কিছু সোনা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। বাকি স্বর্ণালংকার উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"