ঝিনাইদহের কৃষি ও অর্থনীতির সাথে ধান, কলা এবং পানের এক নিবিড় সম্পর্ক রয়েছে। দীর্ঘকাল ধরে এই জেলার বিভিন্ন প্রান্তে বাণিজ্যিকভাবে পানের চাষ হয়ে আসছে। বিশেষ করে এখানকার মিষ্টি পানের গুণগত মান ও স্বাদের জন্য দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক চাহিদা ও সুনাম রয়েছে। তবে পানের উৎপাদন বৃদ্ধি এবং বাজারে ক্রেতাদের জমজমাট ভিড়ের অন্তরালে লুকিয়ে আছে চাষিদের গভীর হতাশা। ফলন ভালো হওয়া সত্ত্বেও উৎপাদন খরচের তুলনায় বাজারমূল্য কম হওয়ায় অনেক পানচাষি এখন লাভের মুখ দেখছেন না।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলরামপুর বাজারে প্রতি সপ্তাহে দুই দিন, রোববার ও বুধবার, বড় পাইকারি পানের হাট বসে। স্থানীয়ভাবে এই হাটটি ‘পেনো হাটা’ নামে পরিচিত। হাটের দিন ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে চাষিরা তাদের উৎপাদিত পান নিয়ে এখানে ভিড় করেন। পাইকার ও ব্যবসায়ীদের উচ্চস্বরে হাঁকডাকের ফলে পুরো বাজার এলাকা মুখর হয়ে ওঠে। সারি সারি ঝুড়িতে সাজানো পান এবং ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততায় হাটজুড়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এখান থেকে বিক্রি হওয়া পান পরবর্তীতে দেশের বিভিন্ন জেলার বাজারে ছড়িয়ে পড়ে।
কিন্তু হাটের এই বাহ্যিক চাকচিক্যের বিপরীতে চাষিদের মুখে নেই কোনো স্বস্তির চিহ্ন। তাদের অভিযোগ, সার, কীটনাশক, শ্রমিকের মজুরি এবং বরজ নির্মাণ ও পরিচর্যার খরচ দিন দিন বেড়েই চলেছে। এর সাথে যুক্ত হয়েছে পরিবহন ব্যয়। সব মিলিয়ে উৎপাদন খরচ বহুগুণ বেড়ে গেলেও পানের বিক্রয়মূল্য সেই অনুপাতে বাড়ছে না, যার ফলে তারা আর্থিকভাবে সংকটে পড়েছেন।
বাজারে পান বিক্রি করতে আসা চাষি আকবর সাধু বলেন, “এবার বরজে পান ভালো হয়েছে। কিন্তু বাজারে সেই অনুযায়ী দাম পাচ্ছি না। বরজ করতে বাঁশ, খুঁটি, জাল, সার, ওষুধ ও শ্রমিকের পেছনে অনেক টাকা খরচ হয়। পান তুলে হাটে আনার পর পরিবহন খরচও দিতে হয়। সব খরচ বাদ দিয়ে হাতে তেমন কিছুই থাকে না। ফলন ভালো হলেও দাম না থাকায় আমাদের কষ্ট থেকেই যাচ্ছে।”
আরেক পানচাষি আনছার মন্ডল আক্ষেপ করে বলেন, “পান চাষে সারা বছরই পরিশ্রম করতে হয়। প্রতিদিন বরজের পরিচর্যা করতে হয়, রোগবালাই হলে ওষুধ দিতে হয়। শ্রমিকের মজুরি ও সার-কীটনাশকের দাম অনেক বেড়েছে। কিন্তু পান বিক্রি করে আগের মতো লাভ হচ্ছে না। বাজারদর যদি একটু ভালো থাকত, তাহলে পান চাষ করে পরিবার নিয়ে স্বস্তিতে থাকা সম্ভব হতো।”
চাষি ইসরাইল হোসেন জানান, হাটে পান নিয়ে আসার পর অনেক সময় পাইকাররা যে দাম বলেন, সেই দামেই বিক্রি করতে হয়। পান যেহেতু দীর্ঘক্ষণ সংরক্ষণ করা যায় না, তাই দাম কম হলেও তা বিক্রি করে দিতে হয়। এতে করে চাষিরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি বলেন, “সরকার যদি পানচাষিদের জন্য সহজ শর্তে ঋণ, সার-কীটনাশকে সহায়তা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করার ব্যবস্থা করে, তাহলে আমরা আরও ভালোভাবে পান চাষ করতে পারব।”
চাষিদের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ছোট, মাঝারি ও বড় আকারের পানের বাজারদর তুলনামূলকভাবে কম। স্থানীয় হিসাব মতে, ৮০টি পাতায় এক পোন বা বিড়া ধরা হয়। ছোট পানের প্রতি পোন বিক্রি হচ্ছে প্রায় ৫০ থেকে ৫৭ টাকায় (প্রতি ১০০ পোনের দাম ৫ হাজার থেকে ৫ হাজার ৭০০ টাকা)। মাঝারি পানের প্রতি পোন ৬৩ থেকে ৭৫ টাকা (প্রতি ১০০ পোন ৬ হাজার ৩০০ থেকে ৭ হাজার ৫০০ টাকা) এবং বড় পানের প্রতি পোন ১১০ থেকে ১৩৫ টাকায় (প্রতি ১০০ পোন ১১ হাজার থেকে ১৩ হাজার ৫০০ টাকা) বিক্রি হচ্ছে।
চাষিদের দাবি, বর্তমান বাজারদরে উৎপাদন ও বাজারজাতকরণের খরচ তোলা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পান চাষে বরজ তৈরি ও রক্ষণাবেক্ষণে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়। বরজ তৈরির পর নিয়মিত শ্রমিক দিয়ে পরিচর্যা, সেচ, সার প্রয়োগ এবং বালাই দমনে প্রচুর ব্যয় করতে হয়। ফলে উৎপাদন খরচের সাথে বাজারদরের কোনো সামঞ্জস্য না থাকায় অনেক চাষি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বাজারদরের পাশাপাশি পানবরজে অগ্নিকাণ্ডের ঘটনাও চাষিদের জন্য এক বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। বলরামপুর পানের হাটের ইজারাদার বাবুল বিশ্বাস জানান, সপ্তাহে দুই দিন হাট বসে এবং দূর-দূরান্ত থেকে মানুষ এখানে আসে। হাটে কোনো ঝামেলা বা অসুবিধা নেই। প্রতি হাটে প্রায় অর্ধকোটি টাকার পান বিক্রি হয়। কোনো কোনো হাটে পানের পরিমাণ বেশি হলে প্রায় কোটি টাকার বেচাকেনাও হয়ে থাকে। তবে মাঝেমধ্যে বিভিন্ন কারণে পানের বরজে আগুন লাগে। গত কয়েক বছরে বেশ কয়েকটি বরজে অগ্নিকাণ্ডে লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়েও সরকারের নজর দেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।
কালীগঞ্জ উপজেলায় বলরামপুর ছাড়াও কালীগঞ্জ শহরের যশোর-ঝিনাইদহ মহাসড়কের সেতুসংলগ্ন এলাকা, গাজীর বাজার ও কোলা বাজারে বড় পাইকারি পানের হাট বসে। উপজেলার শিংগী, রায়গ্রাম, ভাটাডাঙ্গা, গোমরাইল, চাপরাইল, বলরামপুর, বারোপাখিয়া, তৈলকূপী, কামারাইল, দুধরাজপুর, গোপালপুর, বাসুদেবপুর ও হরদেবপুরসহ বিভিন্ন গ্রামে পান চাষ করা হয়।
পানচাষিদের দাবি, উৎপাদন ভালো হলেও ন্যায্য দাম না পাওয়ায় এই চাষে আগ্রহ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। সহজ শর্তে কৃষিঋণ প্রদান, উৎপাদন উপকরণে সহায়তা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়ানো এবং সরাসরি বাজারজাতকরণের সুযোগ বাড়ানো গেলে এই ঐতিহ্যবাহী অর্থকরী ফসল আরও সম্ভাবনাময় হয়ে উঠতে পারে।
কালীগঞ্জ উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, “কালীগঞ্জের মাটি অত্যন্ত উর্বর। এ কারণে উপজেলাকে শস্যভাণ্ডার বলা হয়। অন্যান্য ফসলের পাশাপাশি পান চাষের জন্যও এ এলাকার মাটি ও পরিবেশ উপযোগী। উপজেলায় মোট ২১৬ হেক্টর জমিতে পান চাষ হচ্ছে। এর মধ্যে রায়গ্রাম ইউনিয়নে ১২০ হেক্টর, নিয়ামতপুর ইউনিয়নে ৭৭ হেক্টর এবং অন্যান্য এলাকায় ১৯ হেক্টর জমিতে পান চাষ হয়।”
তিনি আরও জানান, কালীগঞ্জে ভাবনা, এলসি ও সাচিসহ বিভিন্ন জাতের মিষ্টি পান উৎপাদিত হয়। কৃষি বিভাগের পক্ষ থেকে রোগবালাই দমন, রাসায়নিকের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহারে উৎসাহ দেওয়া এবং বালাইনাশকের সঠিক ব্যবহারের বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ে গিয়ে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।