ঝিনাইদহের কালীগঞ্জে বাড়ি থেকে বের হয়ে পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন বিল্লাল হোসেন (২২) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবক। সম্ভাব্য বিভিন্ন স্থানে ব্যাপক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি, ফলে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে তার পরিবার। নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার আশায় স্বজনদের দ্বারে দ্বারে ছুটছেন পরিবারের সদস্যরা।
নিখোঁজ হওয়া বিল্লাল হোসেন কালীগঞ্জ উপজেলার ৮ নম্বর মালিয়াট ইউনিয়নের তক্তিপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মো. মোমিন হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে বিল্লাল নিজ বাড়ি থেকে বের হন। তবে এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। উল্লেখ্য, বিল্লাল একজন মানসিক প্রতিবন্ধী এবং তার সরকারি প্রতিবন্ধী পরিচয়পত্র রয়েছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিল্লাল বাড়িতে ফিরে না আসায় তারা প্রথমে আত্মীয়স্বজনের বাড়ি এবং আশপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালান। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হলেও তার কোনো হদিস মেলেনি। দিন যত অতিবাহিত হচ্ছে, ততই বাড়ছে পরিবারের সদস্যদের দুশ্চিন্তা ও উৎকণ্ঠা।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিল্লালের বাবা মো. মোমিন হোসেন কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি নিখোঁজ ছেলেকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পুলিশের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছেন।
কোনো সহৃদয় ব্যক্তি যদি বিল্লাল হোসেনের সন্ধান পান, তবে তাকে দ্রুত নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।