ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের উল্লা গ্রামের চারজন প্রতিবন্ধী মানুষের জীবনসংগ্রামের কথা মুক্তকণ্ঠে প্রকাশিত হওয়ার পর তাদের সহায়তায় এগিয়ে এসেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। প্রাথমিকভাবে ওই চারজনের মধ্যে দুইজনের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছেন তিনি।
সহায়তার আওতায় ২১ বছর বয়সী আলী রাজকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে। অন্যদিকে, আট বছর বয়সী শ্রবণ ও বাক্প্রতিবন্ধী শিশু আবু রায়হানের কানে শোনার যন্ত্র বা হিয়ারিং মেশিন কেনার জন্য ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন ইউএনও।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ মুক্তকণ্ঠের জেলা প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে ভুক্তভোগীদের এই সহায়তার কথা জানান। পরবর্তীতে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে সহায়তা প্রদানের ছবি প্রকাশ করেন।
এর আগে গত ৩১ অক্টোবর ‘দারিদ্র্যের সঙ্গে লড়ছেন চার প্রতিবন্ধী, পাশে দাঁড়ানোর আকুতি’ শিরোনামে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছিল মুক্তকণ্ঠ। ওই প্রতিবেদনে উল্লা গ্রামের আবু রায়হান, সাথী খাতুন, আলী রাজ ও সাক্ষী খাতুনের শারীরিক প্রতিবন্ধকতা, চরম আর্থিক সংকট, চিকিৎসার অভাব এবং তাদের পরিবারের অসহায়ত্বের করুণ চিত্র তুলে ধরা হয়। প্রতিবেদনটি ইউএনও রেজওয়ানা নাহিদের নজরে আসার পর তিনি তাৎক্ষণিকভাবে দুজনের সহায়তার উদ্যোগ নেন।
আবু রায়হান উল্লা গ্রামের আসাদুল ইসলাম ও সিমা খাতুন দম্পতির সন্তান। আট বছর বয়সী এই শিশুটি স্বাভাবিকভাবে শুনতে ও কথা বলতে পারে না। পরিবারের চরম আর্থিক অসচ্ছলতার কারণে তার প্রয়োজনীয় চিকিৎসা এবং উন্নতমানের হিয়ারিং মেশিন কেনা সম্ভব হচ্ছিল না। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে, তুলনামূলক কম দামের একটি হিয়ারিং মেশিন কিনতেও প্রায় ৩০ হাজার টাকার প্রয়োজন। এই পরিস্থিতিতে ইউএনও রেজওয়ানা নাহিদ শিশুটির জন্য ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
অন্যদিকে, আলী রাজ দুই হাতে লাঠির ভর দিয়ে অত্যন্ত কষ্ট করে চলাফেরা করেন। কখনো এক পা, কখনো অন্য পা টেনে তাকে সামনে এগোতে হয়। চলতি বছরের জানুয়ারিতে ক্যানসারে আক্রান্ত হয়ে তার মা মৃত্যুবরণ করেন। বাবার আর্থিক সীমাবদ্ধতা এবং নিজের শারীরিক অসুস্থতার কারণে তার পড়াশোনাও বন্ধ হয়ে গেছে। সহজে চলাফেরার জন্য তার একটি হুইলচেয়ারের খুব প্রয়োজন ছিল। বৃহস্পতিবার দাদির সঙ্গে ইউএনওর কাছে গেলে তাকে একটি হুইলচেয়ার দেওয়া হয়।
নিজের ফেসবুক পোস্টে ইউএনও রেজওয়ানা নাহিদ জানান, উল্লা গ্রামের চার প্রতিবন্ধী মানুষের বিষয়ে প্রথমে মুক্তকণ্ঠ, পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ তার নজরে আসে। আবু রায়হানের হিয়ারিং মেশিনের প্রয়োজনীয়তার কথা জানতে পেরে তিনি ১৫ হাজার টাকা সহায়তা দিয়েছেন। একইভাবে আলী রাজের চলাচলের কষ্টের বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে একটি হুইল চেয়ার প্রদান করেছেন। পোস্টে তিনি দুই শিশুর মতো অসহায় জীবন সংগ্রাম করা আলী রাজ ও আবু রায়হানের মঙ্গল কামনা করেন।
উল্লেখ্য যে, একই গ্রামের ২৭ বছর বয়সী সাথী খাতুন ও ৪০ বছর বয়সী সাক্ষী খাতুনের জীবনসংগ্রামের কথাও মুক্তকণ্ঠের প্রতিবেদনে উঠে এসেছিল। সাথী খাতুনের চলাচলের জন্য একটি ইলেকট্রিক হুইলচেয়ার এবং বিশেষ চিকিৎসার প্রয়োজন। অন্যদিকে, জন্ম থেকেই দুই পা না থাকা সাক্ষী খাতুন তার চার বছর বয়সী মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছেন। তারও একটি হুইলচেয়ার এবং আর্থিক সহযোগিতার প্রয়োজন রয়েছে।
কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম এর আগে জানিয়েছিলেন, চারজনেরই প্রতিবন্ধী পরিচয়পত্র রয়েছে এবং তারা সরকারি প্রতিবন্ধী ভাতা পান। তবে বিশেষ চিকিৎসা, চলাচলের উপকরণ ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে সেই ভাতা যথেষ্ট নয়।
সংবাদ প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে দুই প্রতিবন্ধীর জন্য সহায়তা প্রদানের ঘটনায় তাদের পরিবারে স্বস্তি ফিরেছে। তবে চারজনেরই প্রয়োজন এখনো পুরোপুরি পূরণ হয়নি। তাদের চিকিৎসা, চলাচলের উপকরণ ও জীবনযাপনের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সামর্থ্যবান মানুষের সহযোগিতা প্রয়োজন।
মানবিক উদ্যোগের মাধ্যমে আলী রাজের চলাচল এবং আবু রায়হানের শ্রবণক্ষমতা উন্নয়নের পথে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় স্থানীয়ভাবে আশার সঞ্চার হয়েছে। পরিবারের প্রত্যাশা, অন্য অসহায় প্রতিবন্ধীদের প্রয়োজনের বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবান মানুষের নজরে আসবে।