চট্টগ্রামের বাঁশখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে উপজেলার সাধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তরুণীর নাম তাহমিনা আক্তার (২০)। তিনি উপজেলার সাধনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লটমনি এলাকার বাসিন্দা। তিনি তাঁর ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাতে তাহমিনা আক্তার তাঁর ভাইয়ের মোটরসাইকেলে বাঁশখালীতে নিজেদের পুরোনো বাড়ি থেকে লাটমনি এলাকার নতুন বাড়িতে যাচ্ছিলেন। পথে একটি বাস তাঁদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। পরে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
৫ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ বশির আহমদ মুঠোফোনে মুক্তকণ্ঠকে বলেন, ‘রাতে ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে যাওয়ার সময় ওই তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ভাইও আহত হয়েছেন। তিনি এখন চিকিৎসাধীন।
বাঁশখালী উপজেলার রামদাশহাট তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক তপন কুমার বাগচী বলেন, বাসের ধাক্কায় এক তরুণীর মৃত্যু হয়েছে। বাসটি আটক করা হয়েছে।






