নোয়াখালীর মাইজদী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের একটি ঝটিকা মিছিলের পর তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে জেলা শহরের হোয়াইট হল এলাকায় এই মিছিলটি অনুষ্ঠিত হয়।
ঘটনার পর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে মিছিলে অংশগ্রহণকারী সন্দেহে তিনজনকে আটক করে। আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই মিছিলের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ১ মিনিট ৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মিছিলের সামনে থাকা কয়েকজন ব্যক্তি যুবলীগের এক নেতার নামের ব্যানার ধরে আছেন। আনুমানিক ৩০ থেকে ৩৫ জন নেতা-কর্মী এই মিছিলে অংশ নেন এবং তাঁরা ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দেন বলে জানা গেছে।
নিষিদ্ধ যুবলীগের এই মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম। তিনি মুক্তকণ্ঠকে বলেন, "মিছিলের ভিডিও সংগ্রহ করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। এরই মধ্যে মিছিলে অংশগ্রহণকারী তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।"