চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের পাসপোর্ট জমা রাখা মোহাম্মদ মহসিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার নগরের খুলশী এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মহসিন কর্ণফুলী এলাকায় একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, ৬৩ বিদেশি নাগরিকের সাথে মহসিনের যোগাযোগ ছিল। তিনি তাদের জন্য আটতলা ভবনটি ভাড়া করে দিয়েছিলেন। ঘটনার পেছনের অন্যদের শনাক্ত করতে চেষ্টা চলছে।
ওসি আরও বলেন, কয়েক দিন আগে মহসিন কুরিয়ারের মাধ্যমে ঢাকায় এক ব্যক্তির কাছে ১১৮ গ্রাম কোকেন পাঠিয়েছিলেন, যা পরে ফেরত আসে। কোকেনের তথ্য অনুসন্ধানে গিয়ে ৬৩ বিদেশি নাগরিকের বিষয়টি উদ্ভাবিত হয়। আজ সন্ধ্যায় আদালতের মাধ্যমে মহসিনকে কোকেন মামলায় কারাগারে পাঠানো হয়েছে। বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলায় তাঁকে গ্রেপ্তার দেখাতে এবং রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ড মঞ্জুর হলে চক্রটির বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ আবাসিক এলাকার একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ) ও খুলশী থানা পুলিশ ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে। তাদের মধ্যে লাওসের ৩৫ জন, পাকিস্তানের ২১ জন, চীনের ৫ জন, নেপালের ১ জন এবং ভিয়েতনামের ১ জন নাগরিক রয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ল্যাপটপ, মুঠোফোনসহ মোট ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।
এই ঘটনায় খুলশী থানায় পুলিশ বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করে। শুক্রবার ৬৩ বিদেশি নাগরিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, গত দেড় মাস ধরে তারা ১৪টি ফ্ল্যাটে ভাড়া নিয়ে অবস্থান করছিল। ভবনটিতে সার্ভার, কম্পিউটার, ল্যাপটপসহ তথ্যপ্রযুক্তির বিভিন্ন সরঞ্জাম স্থাপন করা হয়েছিল। এসব সরঞ্জাম ব্যবহার করে অনলাইন প্রতারণার একটি নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছিল। এই কাজে তাদের সহায়তা করেছে দেশীয় একটি চক্র।