বরিশালের বাবুগঞ্জে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ও কচুরিপানায় নাব্যতা হারাতে বসেছে ঐতিহ্যবাহী রাজারবের খাল। এই খালকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত করতে এবার মাঠে নামলেন দুই শতাধিক তরুণ-তরুণী। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বিডি ক্লিনের সহযোগিতায় এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার মাধবপাশা ব্রিজ সংলগ্ন রাজারবের খালে কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন। পরে তিনি অংশগ্রহণকারীদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।

এ সময় সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন স্থানীয় তরুণদের সঙ্গে খালের বিভিন্ন অংশে নেমে কচুরিপানা, ময়লা-আবর্জনা ও অন্যান্য বর্জ্য অপসারণে সহায়তা করেন। একই সাথে খাল ও জলাশয়ে ময়লা ফেলা বন্ধ রাখার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালের বিভিন্ন স্থানে কচুরিপানা ও বর্জ্য জমে থাকায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি জলাবদ্ধতার আশঙ্কাও তৈরি হয়েছে। তাদের দাবি, এক দিনের পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি নিয়মিত খালটি পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন।

উপজেলা প্রশাসন ও বিডি ক্লিনের পক্ষ থেকে জানানো হয়, শুধু এক দিনের পরিচ্ছন্নতা অভিযান নয়, রাজারবের খালকে দীর্ঘমেয়াদে পরিচ্ছন্ন রাখতে ধারাবাহিক কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার বিষয়ে স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়ানো হবে।

বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা বলেন, ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’—এই প্রত্যয় সামনে রেখে তারা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। স্থানীয় মানুষকে সম্পৃক্ত করে রাজারবের খালসহ আশপাশের জলাশয়গুলো পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

পরিচ্ছন্নতা অভিযানে আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমদ খান, সদস্যসচিব ওয়াহিদুল ইসলাম পিন্স, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাদশা, মোস্তাফিজুর রহমান ফারুক, আরিফুর রহমান শিমুল সিকদার এবং রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।