বরিশালের বাবুগঞ্জ উপজেলার ছয়মাইল এলাকায় রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের পুকুরে উল্টে পড়েছে। ব্রেক ফেলে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে ঘটনাস্থলে দ্রুত স্থানীয়দের সহযোগিতায় সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের জানান, পটুয়াখালীর দশমিনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা 'দশমিনা এক্সপ্রেস' নামের বাসটি বরিশাল-ঢাকা মহাসড়কের বিমানবন্দর থানার ছয়মাইল এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে ঝাঁপিয়ে পড়ে। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধারে সাহায্য করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুর্ঘটনার পর বাসের সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে রেকার ব্যবহার করে বাসটি পুকুর থেকে তুলে নেওয়া হয়। আহত কয়েকজন যাত্রীকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যানচলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর বাসটির চালক ও সহকারী ঘটনাস্থল থেকে সরে যান।

বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, "দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। গুরুতর আহত হওয়ার তথ্যও পাওয়া যায়নি।"