বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকায় শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। এ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আহত কয়েকজনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের নাম আব্দুল মালেক। তিনি বানারীপাড়া উপজেলার বাইশারী হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা। স্থানীয়রা ঘটনার পরপরই মরদেহটি উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধারের কাজ শুরু করেছে।
বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বাসটি যাত্রী নিয়ে পিরোজপুরের স্বরূপকাঠি থেকে বরিশাল কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদের উদ্দেশে যাচ্ছিল। গড়িয়ারপাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পুকুরে পড়ে যায়।
পুলিশ জানায়, বাসে মোট কতজন যাত্রী ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।