মাদারীপুরের ডাসারে শনিবার বিকেলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খায়। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে হাইওয়ে পুলিশের দ্রুত তৎপরতায় প্রায় আধা ঘণ্টা পর যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, লাবিবা পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। কর্ণপাড়া এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারান। ফলে বাসটি সজোরে মহাসড়কের ডান পাশের একটি গাছে ধাক্কা খায়। এতে বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
মাদারীপুরের কালকিনি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা খোকন জমাদ্দার বলেন, "অল্পের জন্য যাত্রীরা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। কয়েকজন আহত হলেও সবাই শঙ্কামুক্ত রয়েছেন।"
এ বিষয়ে মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ রহমান বলেন, "একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে কয়েকজন আহত হন। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।"