মাদারীপুরের ডাসারে নিখোঁজ অবস্থায় থাকা এক বাকপ্রতিবন্ধীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার পশ্চিম খিলগ্রাম সড়কের পাশে অবস্থিত একটি কৃষিজমি ও বিল এলাকা থেকে ঠাকুর রুদ্র দাশ (৪০) নামে ওই ব্যক্তির মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ।

নিহত ঠাকুর রুদ্র দাশ ডাসার ইউনিয়নের ধামুসা গ্রামের রামজয় রুদ্রের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার কাজের আশায় বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি আর ঘরে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে তথ্য পাওয়া যায় যে, পশ্চিম খিলগ্রামের রাজ্জাক মাতুব্বর নামের এক ব্যক্তি তাঁর কৃষিজমি পরিষ্কারের জন্য ঠাকুর রুদ্র দাশকে চুক্তিভিত্তিক কাজে নিযুক্ত করেছিলেন।

রোববার দুপুরে স্থানীয়রা ওই বিলের পানিতে তাঁর লাশ ভেসে থাকতে দেখলে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশটি উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারা জানান, ঠাকুর রুদ্র দাশ বাকপ্রতিবন্ধী হওয়ার পাশাপাশি মৃগী রোগেও আক্রান্ত ছিলেন।

এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে না বলে তিনি উল্লেখ করেন।