নীলফামারী জেলার ডোমার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী রুপা বেগমকে (৪৪) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ডোমার উপজেলার ছোট রাউতা কাজী পাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। অভিযানের সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক সামগ্রী উদ্ধার করা হয়।

রুপা বেগম ছোট রাউতা কাজী পাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার রুপা বেগমের বাড়িতে একটি চৌকস দল অভিযান চালায়। সেখান থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, রুপা বেগমের বিরুদ্ধে ডোমারসহ বিভিন্ন থানায় ৩০টিরও বেশি মামলা রয়েছে। একাধিক মামলায় তার সাজা হয়েছিল, তবে জামিনে বের হয়ে তিনি পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। এর ফলে এলাকার যুবসমাজ মারাত্মকভাবে মাদকাসক্ত হচ্ছে। প্রতিবার গ্রেপ্তারের পর জেল থেকে বেরিয়ে এসে তিনি আবারও এই অবৈধ পেশায় সক্রিয় থাকেন বলে স্থানীয়রা অভিযোগ করেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ মাদক সম্রাজ্ঞী রুপাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, "আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।"