প্রতিদিনের মতো রোববার সকালে স্কুলে গিয়েছিল আট বছর বয়সী শিশু ওমর ফারুক। ক্লাস শেষ করে বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু বিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশার ধাক্কায় প্রাণ হারায় শিশুটি।
রোববার (১৫ নভেম্বর) সকালে নীলফামারীর ডোমার উপজেলার কাজীরহাট মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওমর ফারুক ওই বিদ্যালয়ের স্ট্যান্ডার্ড নার্সারি শ্রেণির একজন শিক্ষার্থী ছিল। সে ডোমার উপজেলার চান্দখানা এলাকার কলোনীপাড়ার বাসিন্দা মনিরুজ্জামান নুরির ছোট ছেলে। তার এক ভাই ও এক বোন রয়েছে এবং সে ছিল পরিবারের সবচেয়ে ছোট সন্তান।
স্থানীয় সূত্রে এবং পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, সকালে বিদ্যালয়ে যাওয়ার পর রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী অটোরিকশা ওমর ফারুককে ধাক্কা দেয়। এতে শিশুটির মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পরপরই অটোরিকশাটি দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে গাড়িটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বিদ্যালয়ের পরিচালক জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার সময় তিনি বিদ্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন। বাইরে হঠাৎ মানুষের ভিড় দেখে তিনি এগিয়ে যান এবং জানতে পারেন যে তার বিদ্যালয়ের একজন শিক্ষার্থী সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এরপর দ্রুত শিশুটিকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশের উপপরিদর্শক (এসআই) সাহেব আলীকে ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি নিহত শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।