রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীদের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার (টেস্ট) ব্যবস্থা থাকার পরেও তাদের বেসরকারি হাসপাতালে গিয়ে পরীক্ষা করতে হচ্ছে। এই তথ্য সরেজমিনে নিশ্চিত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের প্রতি তার ক্ষোভ প্রকাশ পেয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) মুগদা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে এ ঘটনার সত্যতা পান মন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন। ডেঙ্গু রোগীদের অবস্থা সম্পর্কেও খোঁজ নেন তিনি।
পরিদর্শনকালে রোগীরা অভিযোগ করেন, হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকা সত্ত্বেও তাদের বাইরে থেকে পরীক্ষা করানো হচ্ছে। এই অভিযোগের সত্যতা পেয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সব সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করানো হচ্ছে, ফলে তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। বিশেষ করে ডেঙ্গুর সব পরীক্ষা হাসপাতালে থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
মন্ত্রী আরও জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় মুগদা হাসপাতালকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। এরপরও যদি রোগীরা সেবা থেকে বঞ্চিত হন, তবে তা মেনে নেওয়া হবে না। অনিয়ম বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।