স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। আজ রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে তার হৃদ্‌যন্ত্রে রিং বা স্টেন্ট বসানোর কথা রয়েছে। পারিবারিক সূত্রে সমকালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর পরিবারের একজন সদস্য জানিয়েছেন যে, মন্ত্রীর হৃদ্‌যন্ত্রে ব্লক ধরা পড়ার পর তার এনজিওগ্রাম করা হয়েছে এবং এখন এনজিওপ্লাস্টি করা হবে। আজ বিকেলে স্টেন্ট বসানোর প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই সংকটময় মুহূর্তে তিনি দেশবাসীর কাছে স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

পরিবারের ওই সদস্য আরও উল্লেখ করেন, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা পুনরায় ফিরিয়ে আনতে স্বাস্থ্যমন্ত্রী নিজেই দেশের অভ্যন্তরে হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বর্তমানে তার চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন প্রখ্যাত হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।

এর আগে গত শনিবার সকালে বুকে ব্যথার অনুভূতি হলে স্বাস্থ্যমন্ত্রীকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম সম্পন্ন করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে জানিয়েছেন, "বুকে ব্যথা অনুভব করায় শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়।"