হামের প্রাদুর্ভাবের কারণে শিশুদের মৃত্যুর ঘটনায় ব্যক্তিগত দায়ভার গ্রহণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এই পরিস্থিতি তাঁর ব্যক্তিগত ব্যর্থতা, তবে একে সরকারের ব্যর্থতা হিসেবে দেখা ঠিক হবে না। বর্তমানে তিনি এই সংকট কাটিয়ে উঠতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আজ সোমবার দুপুরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। প্রতিষ্ঠানটির নবনির্মিত ইস্পাতের চারতলা ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক সাংবাদিক স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন করেন, গত সাত মাসে হামের সংক্রমণে ১ হাজার ২০০টি শিশুর মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায় কার? এটি কি অন্তর্বর্তী সরকারের নাকি বর্তমান সরকারের? এই দায়ভার কাউকে না কাউকে গ্রহণ করতে হবে।
সাংবাদিকের এই প্রশ্নের জবাবে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘দায় তো আমার। আমাকে ফাঁসি দেন। এটা আমার ব্যর্থতা। তবে চেষ্টা করেছি। আমার সরকারের ব্যর্থতা না।’
হামের টিকা নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, কিছু অসাধু ব্যক্তি দাবি করছেন যে এই টিকা ভারত থেকে আনা হয়েছে, যা সম্পূর্ণ সত্য নয়। তিনি জানান, মাত্র ৮ শতাংশ টিকা ভারত থেকে সংগ্রহ করা হয়েছে। বাকি টিকাগুলো জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে স্বল্পমূল্যে আনা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, দেশে বর্তমানে যে টিকা ব্যবহার করা হচ্ছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারা পরীক্ষিত এবং ইউনিসেফ এই টিকা সরবরাহ করেছে। ইউনিসেফ, গ্যাভি এবং বিশ্বস্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে টিকা সরবরাহের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান। তিনি মন্তব্য করেন, ইউনিসেফকে বাদ দিয়ে অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে টিকা নেওয়া হলে এবং এরপর যদি হামে শিশুমৃত্যুর ঘটনা ঘটত, তবে দেশের মানুষ স্বাস্থ্যমন্ত্রীকে জীবিত রাখত না।
অনেক অভিভাবক তাদের শিশুদের হামের টিকা দেননি বা দিচ্ছেন না—এমন অভিযোগ তুলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে যারা হামে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাদের প্রায় কেউই টিকা নেননি। আক্রান্ত শিশুদের একটি বড় অংশের বয়স ছয় মাসের কম। একটি নির্দিষ্ট হাসপাতালে ভর্তি থাকা হামের রোগীদের মধ্যে প্রায় কারও টিকা নেওয়া নেই বলে তাঁকে অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইস্টিটিউটের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক।