হাসপাতালে চিকিৎসাধীন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রের রক্তনালিতে সফলভাবে দুটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় ওই দিন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু হাসপাতালে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন। এই সময়ে তিনি স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক দলের সঙ্গে বর্তমান শারীরিক অবস্থা এবং চিকিৎসার সার্বিক অগ্রগতি নিয়ে দীর্ঘ আলোচনা করেন। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রীর প্রয়োজনীয় চিকিৎসাসেবা সর্বোচ্চ গুরুত্ব, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে নিশ্চিত করার বিষয়ে তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকারের সময় তিনি স্বাস্থ্যমন্ত্রীর নিকট প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং তার পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।

উল্লেখ্য যে, এর আগের দিন সকালে বুকে ব্যথা অনুভব করার পর স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত এনজিওগ্রাম সম্পন্ন করা হয়। ওই পরীক্ষায় চিকিৎসকরা তার হৃদযন্ত্রের রক্তনালিতে দুটি ব্লক শনাক্ত করেন। পরবর্তীতে প্রয়োজনীয় চিকিৎসার অংশ হিসেবে তার রক্তনালিতে দুটি স্টেন্ট স্থাপন করা হয়।

এই সময়ে সেখানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান খসরু, বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. রাশেদুল হাসান রিপনসহ সংশ্লিষ্ট চিকিৎসকবৃন্দ।

উপস্থিত চিকিৎসক ও শুভাকাঙ্ক্ষীরা স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনের দ্রুত সুস্থতা এবং পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেছেন।