নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বিনামূল্যে চিকিৎসা শিবিরে অংশ নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সর্বাত্মক ঐক্যবদ্ধতার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, "ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ ঘোষণা করতে হবে।"
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পাড়াগাঁও ঈদগাহ মাঠে আয়োজিত ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্প’ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা বিএনপি। এতে সহযোগিতা করে রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "দেশে বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। ডেঙ্গু প্রতিরোধে আজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন। এই কার্যক্রম শুধু সরকারি পর্যায়ে সীমাবদ্ধ রাখলে হবে না। প্রত্যেককে নিজের বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখতে হবে।"
তিনি আরও বলেন, "১৯৭১ সালে এ দেশের মানুষ যেভাবে পাকিস্তানি পরাশক্তিকে প্রতিরোধ করে দেশ স্বাধীন করেছে, ২০২৪ সালে যেভাবে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে, সেভাবেই ডেঙ্গু প্রতিরোধেও সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে।"
বাড়ির আঙিনা, ফুলের টব এবং পরিত্যক্ত টায়ারসহ যেসব স্থানে পানি জমে থাকে, সেগুলো নিয়মিত পরিষ্কার করার নির্দেশনা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।" তিনি আগের সরকারের সমালোচনা করে বলেন, "দেশে পুষ্টির অভাবে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুরা মারা যাচ্ছে। আগের সরকার কোনো টিকা রেখে যায়নি। এ কারণে আক্রান্তের সংখ্যা বেড়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দুই কোটি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।"
২৬ সেপ্টেম্বর সারা দেশে ব্যাপক টিকাদান কার্যক্রম শুরু হওয়ার কথা জানিয়ে তিনি ছয় বছর বয়স পর্যন্ত সব শিশুকে টিকার আওতায় আনার আহ্বান জানান। এ কাজে দলের নেতা-কর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া রূপগঞ্জের ২০ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ২৫১ শয্যায় উন্নীত করার আহ্বান জানান।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধাদের মধ্যে বিনা মূল্যে ‘হেলথ কার্ড’ বিতরণ করেন। পরে তিনি পাড়াগাঁও ঈদগাহ মাঠ সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ–৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নরসিংদী–৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন (বকুল), নরসিংদী–৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন, সহসভাপতি আনোয়ার সাদাত ও আশরাফুল হক রিপনসহ বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা।