বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ১০৩টি প্যারাকিট টিয়া (লালমাথা টিয়া) পাখি উদ্ধার করেছে। বিদেশে পাচারের উদ্দেশ্যে প্লাস্টিকের খাঁচায় করে এই পাখিগুলো বাসের সাইড বক্সে রাখা ছিল। পরবর্তীতে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে পাখিগুলোকে অবমুক্ত করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কয়েকজন পাখি ব্যবসায়ী প্যারাকিট টিয়া বিদেশে পাচার করছেন। এ তথ্যের প্রেক্ষিতে বুধবার রাত ১১টার দিকে শহরের ঠনঠনিয়া এলাকায় আল বাকারা ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় বাসের সাইড বক্স থেকে ১০টি প্লাস্টিকের খাঁচা উদ্ধার করা হয়। ওই খাঁচাগুলোর মধ্যে মোট ১০৩টি প্যারাকিট টিয়া পাখি পাওয়া যায়। পাখিগুলো উদ্ধারের পর বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বন বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় এবং তাদের অবমুক্ত করা হয়।