পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মহানন্দা নদীতে মাছ ধরার সময় স্থানীয়দের জালে ওঠা প্রায় ১২ ফুট লম্বা একটি অজগরকে উদ্ধার করে বন বিভাগ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। এর আগে সকালে ভারতীয় সীমান্তঘেঁষা মহানন্দা নদীতে মাছ ধরার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তির জালে এই বিশাল সাপটি আটকা পড়ে।

সাপটি জালে ওঠার পর স্থানীয়রা চিৎকার-চেঁচামেচি শুরু করলে সেখানে জনতা জড়ো হয়। বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী সদস্য রাশিদা পারভীন জানান, "সাপটি অজগর বুঝতে পেরে বন বিভাগকে খবর দেওয়া হয়। বন বিভাগের কর্মীরা এসে অজগরটি নিয়ে যান।"

অজগরটির ওজন ১০ থেকে ১২ কেজি বলে জানান বন বিভাগের তেঁতুলিয়া উপজেলা কার্যালয়ের বিট কর্মকর্তা নূরুল হুদা। মুঠোফোনে তিনি মুক্তকণ্ঠকে বলেন, "ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বিকেলে অজগরটিকে দিনাজপুরের সিংড়া জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে।"