বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া এলাকার খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে তিমিটি ভাসমান অবস্থায় দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানো বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা তিমিটি উদ্ধারে কাজ শুরু করেন।
স্থানীয় বাসিন্দা ও বন বিভাগ সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগর থেকে ভেসে আসা তিমিটি কয়েক দিন আগেই মারা যায়। পরবর্তীতে স্থানীয়রা এটি নদীর কিনারে নিয়ে আসেন। তবে শরীর পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়রা আবার এটি নদীতে ভাসিয়ে দেয়।
নিশানবাড়িয়া বিটের কর্মকর্তারা তিমিটি উদ্ধার করেছেন। বন বিভাগের প্রাথমিক তথ্য অনুযায়ী, তিমিটির দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট এবং ওজন আনুমানিক ৫ থেকে ৬ টন হতে পারে।
এ বিষয়ে পটুয়াখালী বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান মুক্তকণ্ঠকে বলেন, "নদীতে ভেসে আসা বিশাল আকৃতির তিমিটি শরীর পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশদূষণ এড়াতে এটিকে মাটিচাপা দেওয়া হবে।"
তিমিটির রঙ কালো বলে উল্লেখ করে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার জানান, খবর পেয়ে বন বিভাগের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে গিয়েছে। কোস্টগার্ড সদস্যরাও সেখানে রয়েছেন। মৃত তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে। তবে কালো রঙের বিশাল আকৃতির তিমিটি কোন প্রজাতির, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।