সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে চোরাই কয়লা সংগ্রহের সময় গারো পাহাড়ের কলারছড়া কয়লা খনিতে মাটিধসে পড়ে ইউনুস আলী (২২) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুস আলী তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট গ্রামের পশ্চিমপাড়ার ছমির আলীর ছেলে। ঘটনার দিন ভোরে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ১০ থেকে ১৫ জনের একটি দল চারাগাঁও সীমান্তের কাঁটাতার সংলগ্ন সুরঙ্গপথ দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। কয়লা সংগ্রহ শেষে বস্তা নিয়ে গুহা থেকে বের হওয়ার সময় হঠাৎ মাটি ধসে ইউনুস আলীর ওপর পড়ে। সাথে থাকা অন্যান্য শ্রমিকরা দ্রুত গুহা থেকে বের হয়ে বিষয়টি তার স্বজনদের জানান। স্থানীয়রা ও পরিবারের সদস্যরা দুপুরে ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর বেলা ১টার দিকে গুহার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

স্থানীয় সূত্র জানায়, সীমান্ত এলাকার কিছু প্রভাবশালী ভারতীয় চোরাই কয়লা ব্যবসায়ী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে হতদরিদ্র শ্রমিকদের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে ভারতে পাঠিয়ে কয়লা সংগ্রহ করিয়ে আসছে। বিশেষ করে কিশোর ও যুবকদের ছোট সুরঙ্গপথে পাঠানো হয় বলে অভিযোগ রয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর নিহত যুবকের মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়। পরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।"

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, "নিহত ইউনুস আলী তাহিরপুর সীমান্তের চারাগাঁও এলাকার বিপরীতে ভারতের প্রায় ১০ কিলোমিটার অভ্যন্তরে কলারছড়ায় দীর্ঘদিন ধরে অবস্থান করে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। আজ সকালে কয়লা খনিতে কাজ করার সময় মাটিচাপায় তাঁর মৃত্যু হয়। সঙ্গে থাকা লোকজন তার মরদেহ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন।" তিনি আরও বলেন, "অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারিসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।"