সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন গ্রামীণ ব্যাংকের তাহিরপুর শাখায় এই দুঃসাহসিক ঘটনাটি ঘটে। তবে স্থানীয় বাসিন্দাদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি।
স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, গভীর রাতে একদল দুর্বৃত্ত গ্রামীণ ব্যাংকের তাহিরপুর শাখার প্রবেশদ্বারে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে এবং দ্রুতই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সেই মুহূর্তে ব্যাংকের ভেতরে দায়িত্ব পালনরত নিরাপত্তাকর্মী হরি দাশ বর্মন আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন।
তার চিৎকার শুনে ব্যাংকে অবস্থানরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পানি ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হন। এতে ব্যাংক কার্যালয়ের কাঠের দরজা সামান্য পুড়ে গেলেও ভেতরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র, অর্থসহ অন্যান্য মালামালের কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।
ঘটনার খবর পাওয়ার পরপরই রাতেই তাহিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখে।
এই বিষয়ে তাহিরপুর গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু হানিফ বলেন, “বুধবার রাত আনুমানিক ২টার দিকে গ্রামীণ ব্যাংকে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। শব্দ শুনে ব্যাংকের নাইট গার্ড চিৎকার করলে ব্যাংকে থাকা স্টাফ ও পাশের পরিবারের লোকজন এগিয়ে আসেন। আগুনে শুধু কাঠের দরজা পুড়েছে। পানি দিয়ে তা নেভানো হয়েছে।”
অন্যদিকে, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, “গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পুলিশ কাছাকাছি এলাকায় ছিল, দ্রুত আগুন নেভানো হয়েছে। কোন ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনায় থানায় কোন করা হয়নি, অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”