দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সেবার অন্যতম প্রধান প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক। ক্ষুদ্রঋণ, সঞ্চয় এবং আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে কয়েক দশক ধরে গ্রামাঞ্চলের লাখ লাখ পরিবারের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত এই প্রতিষ্ঠানটি। তবে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যাংকটির শাখা পর্যায়ের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। একের পর এক শাখায় আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণ, নথিপত্র পুড়িয়ে ফেলা এবং নিরাপত্তা সরঞ্জাম ভাঙচুরের ফলে শুধু ব্যাংকের সম্পদই নষ্ট হচ্ছে না, বরং এর সঙ্গে যুক্ত কোটি গ্রাহকের আর্থিক সেবাও মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বিভিন্ন সময়ে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটতে থাকে। ২০২৫ সাল থেকে এসব ঘটনা আরও উদ্বেগজনক রূপ নেয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১৩ নভেম্বর থেকে ২০২৫ সাল পর্যন্ত ব্যাংকটির বিভিন্ন শাখায় অন্তত ১৮টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে সর্বশেষ গত ১০ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত মাত্র ছয় দিনে দেশের ১৬টি জেলায় ব্যাংকটির ২০টি শাখায় অগ্নিসংযোগ, অগ্নিসংযোগের চেষ্টা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ।

তথ্য অনুযায়ী, শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ ও রংপুরসহ বিভিন্ন অঞ্চলে এসব হামলার ঘটনা ঘটেছে। এর ফলে কয়েকটি শাখায় উল্লেখযোগ্য পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

ব্যাংকের শাখায় হামলার ধরন বিশ্লেষণ করলে দেখা যায়, অগ্নিসংযোগের পাশাপাশি ব্যাপক ভাঙচুর, নথিপত্র ধ্বংস, নগদ টাকা পুড়িয়ে দেওয়া এবং নিরাপত্তা সরঞ্জাম চুরির ঘটনাও ঘটছে।

২০২৫ সালের ১০ জুন ময়মনসিংহের তারাকান্দায় এবং ১১ জুলাই নেত্রকোনার পূর্বধলার হিরনপুর বাজারে ব্যাংকটির শাখায় অগ্নিসংযোগ করা হয়। একই বছরের নভেম্বরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, গাজীপুরের শ্রীপুর, বগুড়ার শেরপুর ও ধুনট, পটুয়াখালী, ঢাকার ধামরাই এবং কুষ্টিয়ার কুমারখালীসহ বিভিন্ন স্থানে হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। ২১ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী শাখা এবং ২৩ নভেম্বর কুষ্টিয়ার আঞ্চলিক কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

চলতি বছরের জানুয়ারিতে ময়মনসিংহের গৌরীপুরের ডৌহাখলা ইউনিয়নে ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়া হয়। এতে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। এই ঘটনায় শাখা ব্যবস্থাপকের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়।

গত ১৪ অক্টোবর নেত্রকোনার মৌগাতী ইউনিয়নের চুচুয়া বাজার শাখায় আগুন দেওয়া হলে দুটি মোটরসাইকেল ও কিছু নথিপত্র পুড়ে যায়। ১০ নভেম্বর একই জেলার আমতলা শাখায় পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। পরদিন পাবনার দোগাছী বাজার শাখায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ১৪ নভেম্বর নেত্রকোনার চল্লিশা শাখায় আবারও আগুন দেওয়া হয়।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির ঘটনাটি ঘটে ১৫ নভেম্বর গোপালগঞ্জে। ওই দিন টুঙ্গিপাড়ার পাটগাতী বাজার শাখায় ভাঙচুরের পর আগুন দেওয়া হয়। ব্যাংকের বিবৃতি অনুযায়ী, এতে কার্যালয়ের প্রায় সবকিছু পুড়ে যায়। নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্রও আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

একই দিন গোপালগঞ্জের উলপুর শাখায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় সিসিটিভি ক্যামেরা ও মনিটর ভাঙচুরের পাশাপাশি হার্ডডিস্ক নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে শুধু শাখার অবকাঠামোগত ক্ষতিই হয়নি, নিরাপত্তা নজরদারির গুরুত্বপূর্ণ সরঞ্জামও নষ্ট হয়েছে।

১৬ নভেম্বর নেত্রকোনার আরও একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। তবে নিরাপত্তাকর্মীর উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যাওয়ায় আগুন লাগাতে পারেনি তারা।

গ্রামীণ ব্যাংকের শাখাগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে রয়েছে। এসব শাখার অনেকগুলো বাজারকেন্দ্রিক বা গ্রামীণ এলাকায় অবস্থিত। ফলে রাতের বেলায় পর্যাপ্ত নিরাপত্তাকর্মী, নজরদারি ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকলে হামলার ঝুঁকি তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

নেত্রকোনায় ধারাবাহিক হামলার পর ব্যাংকটির জোনাল ব্যবস্থাপক নারায়ণ দত্ত মণ্ডল জানান, সব শাখায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ধাপে ধাপে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ বলেন, “কদিন ধরে ব্যাংকের বিভিন্ন শাখায় পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটছে। প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়সহ শাখাগুলোর নিরাপত্তা চেয়ে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দেওয়া হয়েছে। পুলিশ সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা দিচ্ছে। ব্যাংক কর্তৃপক্ষও নিজস্ব নিরাপত্তাও বাড়িয়েছে।”

গ্রামীণ ব্যাংকের অক্টোবর ২০২৬-এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ব্যাংকটির সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ২ হাজার ৫২৮টি শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে ব্যাংকটি। অর্থাৎ, দেশের প্রত্যন্ত অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই প্রতিষ্ঠানের আর্থিক সেবার ওপর নির্ভরশীল।

ব্যাংকটির মালিকানার কাঠামোও এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা শেয়ারহোল্ডারদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। ফলে শাখায় হামলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু একটি ব্যাংকের অবকাঠামো নয়, এর মালিকানার সঙ্গে যুক্ত সদস্যদের সম্পদ ও স্বার্থও ঝুঁকির মুখে পড়ছে।

গ্রামীণ ব্যাংকের একজন শাখা ব্যবস্থাপক নাম-পরিচয় গোপন রাখার শর্তে বলেন, “একটি শাখা পুড়ে গেলে সেখানে ঋণের কিস্তি জমা, নতুন ঋণ গ্রহণ, সঞ্চয় জমা ও উত্তোলনসহ দৈনন্দিন আর্থিক সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। শাখার কম্পিউটার, হিসাবের নথি ও অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হলে সদস্যদের তথ্য সংরক্ষণ এবং লেনদেনের ধারাবাহিকতা রক্ষায় জটিলতা তৈরি হতে পারে।”

তিনি আরও বলেন, “বিশেষ করে গ্রামীণ নারীদের একটি বড় অংশ ক্ষুদ্রঋণের অর্থ দিয়ে গবাদিপশু পালন, কৃষিকাজ, ক্ষুদ্র ব্যবসা ও আয়বর্ধক কর্মকাণ্ড পরিচালনা করেন। তাদের জন্য ঋণের কিস্তি জমা দেওয়া বা প্রয়োজনের সময় নতুন ঋণ পাওয়া গুরুত্বপূর্ণ। শাখার কার্যক্রম বন্ধ থাকলে এসব উদ্যোগের ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।”

এ ছাড়া মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তাহীনতা তৈরি হলে ঋণ বিতরণ, কিস্তি আদায় ও সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগের কাজেও প্রভাব পড়তে পারে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে গ্রামীণ ব্যাংক এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে শাখা, কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন মুক্তকণ্ঠকে বলেন, “গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা, ভাঙচুর ও নাশকতার ঘটনা ঘটছে। এসব ঘটনায় বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।”