নীলফামারীর ডোমার উপজেলার কাজিরহাট এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে সৈয়দপুর থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ওই ট্রেনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার পরপরই তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী নিশ্চিত করে বলেন, "ডোমারের কাজিরহাট এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।"

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।