কুমিল্লার বরুড়া উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামে মঙ্গলবার বেলা ১১টার দিকে পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন জুনাইরা আক্তার ও তাসলিমা আক্তার। তারা স্থানীয় কৃষক জসীম উদ্দিনের দ্বিতীয় স্ত্রীর একমাত্র সন্তান। জসীম উদ্দিনের প্রথম স্ত্রীর সংসারে দুই ছেলে রয়েছে, কিন্তু দ্বিতীয় স্ত্রীর আর কোনো সন্তান নেই।

স্থানীয়দের জানানো অনুযায়ী, সকালে বাড়ির পার্শ্ববর্তী পুকুরপাড়ে খেলতে গিয়ে দুই শিশু পানিতে পড়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত পুকুর থেকে তাদের উদ্ধার করেন এবং অবিলম্বে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে যমজ দুই শিশুকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। পরে স্বজনেরা মরদেহ নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক আজ দুপুরে বলেন, পুকুরে ডুবে যমজ দুই শিশুর মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।