কুমিল্লার বরুড়া উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামের জসিম উদ্দিনের সন্তান যমজ বোন জুনাইরা ও তাসলিমা মাত্র ১৮ মাস বয়সে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুই শিশু বাড়ির পাশে খেলছিল। পরিবারের সদস্যদের অগোচরে তারা পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশু দুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে পানিতে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করা হয়। দ্রুত বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে কাছিয়াপুকুরিয়া গ্রাম ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনাটি এখনও কেউ আমাদের আনুষ্ঠানিকভাবে অবগত করেনি। আমরা তথ্য সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখব।