কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা কলেজ সড়কে একটি জরাজীর্ণ সরু ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এই দুর্ঘটনায় একটি মালবাহী থ্রি-হুইলারও ব্রিজের সাথে খালে তলিয়ে যায়। এতে সামছু নামের থ্রি-হুইলারচালক আহত হয়েছেন। আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে, যেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে।
গত শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার আড্ডা কলেজ সড়কের মুক্তিযোদ্ধা অজিউল্লাহর বাড়ির সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ব্রিজটি দীর্ঘ সময় ধরে অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এটি মেরামত করার কিংবা নতুন করে নির্মাণের কথা বলা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজের ওপর দিয়ে চলাচল করতে হতো। অবশেষে একটি মালবাহী থ্রি-হুইলার যখন ব্রিজটি পার হচ্ছিল, তখন সেটি হঠাৎ ভেঙে খালে পড়ে যায়।
দুর্ঘটনার এই মুহূর্তের একটি ভিডিও ধারণ করেন স্থানীয় বাসিন্দা আমান হোসেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্রিজটির বেহাল দশা ও কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
আমান হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “দীর্ঘদিন ধরে ব্রিজটি সংস্কার বা পুনর্নির্মাণের কথা বলা হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আজকের এই দুর্ঘটনার দায় কে নেবে?”
এ বিষয়ে কথা বলেন স্থানীয় আরেক বাসিন্দা প্রকৌশলী রিফাত। তিনি জানান, উপজেলায় এমন অসংখ্য ব্রিজ বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই ব্রিজগুলো দ্রুত সংস্কার করা অত্যন্ত প্রয়োজন; অন্যথায় ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
ঘটনার বিষয়ে বরুড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, “আমি ভিডিওটি দেখেছি। এখানে নতুন যোগ দেওয়ায় ব্রিজটি সম্পর্কে বিস্তারিত জানা নেই। রোববার কার্যালয় খুললে পরিদর্শনের পর বিস্তারিত বলতে পারব। তবে দেখে মনে হচ্ছে, এটি বেশ পুরনো একটি ব্রিজ।”