গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে উত্থাপিত সার্বিক অভিযোগের তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। আগামী ১৫ দিনের মধ্যে সুস্পষ্ট মতামতসহ তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ের সচিবের কাছে দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-১ থেকে উপসচিব মো. আবু নাসের স্বাক্ষরিত এক সরকারি আদেশে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

এর আগে গত ৬ আগস্ট ‘ফুপুর ‘ফাঁপরে’ জালিয়াতিতে শাস্তিপ্রাপ্ত কর্মকর্তা গণপূর্তের প্রধান প্রকৌশলী’ শিরোনামে সংবাদ প্রকাশ করে মুক্তকণ্ঠ।

তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগ) মো. আবদুল মতিনকে নিয়োগ দেওয়া হয়েছে। কমিটির অন্যতম সদস্য হলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা অধিশাখা) দেবময় দেওয়ান। আইন শাখা-৩-এর উপসচিব আসাদুজ্জামান রিপনকে কমিটির সদস্যসচিব করা হয়েছে।