নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নে অবস্থিত গালিমপুর কেন্দ্রীয় জামে মসজিদের দানবাক্সের তালা ভেঙে অজ্ঞাতনামা দুই ব্যক্তি টাকা নিয়ে পালিয়ে গেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে এই চুরির ঘটনা ঘটে। মসজিদের সিসিটিভি ক্যামেরায় অপরাধীদের কার্যক্রম ধরা পড়লেও মুখে কাপড় দিয়ে ঢাকা থাকায় তাদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

মসজিদ পরিচালনা কমিটির ক্যাশিয়ার কমর উদ্দিন জানান, ভোরে এক নারী দানবাক্সে টাকা দিতে গিয়ে তালা ভাঙা অবস্থা দেখতে পান। তিনি বিষয়টি আশপাশের লোকজনকে জানালে তারা মিলে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেন। ফুটেজে দেখা যায়, ভোর ৩টা ৫৭ মিনিটে মাথা ও মুখ কাপড়ে ঢেকে দুই ব্যক্তি মসজিদের ভেতরে প্রবেশ করে। এরপর দানবাক্সের তালা ভেঙে ভোর ৪টা ৫ মিনিটে সব টাকা ব্যাগে নিয়ে তারা পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর মসজিদের মাইকে চুরির ঘোষণা দেওয়া হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।

কমর উদ্দিন আরও জানান, প্রায় এক বছর তিন মাস ধরে দানবাক্সটি খোলা হয়নি। এর আগে তিন মাস পর পর যখন দানবাক্স খোলা হতো, তখন একবার প্রায় ৬৫ হাজার টাকা পাওয়া গিয়েছিল।

বাগাতি পাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ঘটনার সঙ্গে জড়িত চোরদের শনাক্ত করতে তথ্যপ্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে।