মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার আনন্দে সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন বৃদ্ধা ফিরোজা বেগম (৭৫)। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে সেই আনন্দযাত্রা রূপ নেয় চরম বিষাদে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় মোকামতলা–জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পথচারীকে ধাক্কা দেওয়ার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানখেতে নেমে যায়। গাড়িটি জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীর বলে জানা গেছে।

নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার স্থানীয় বাসিন্দা। বাদ আসর তার দাফন সম্পন্ন হয়েছে।

পুলিশ, নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে রাস্তা পার হওয়ার সময় মোকামতলা-জয়পুরহাট মহাসড়কে প্রতিমন্ত্রীর দ্রুতগতির গাড়িটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

শাশুড়ির এমন আকস্মিক মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েন নিহতের বড় ছেলের স্ত্রী রিপা বেগম। কয়েক বছর আগে স্বামী মারা যাওয়ার পর শাশুড়িই ছিলেন তার মূল আশ্রয়। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘শাশুড়ি আমার কাছে বটবৃক্ষের ছায়ার মতো ছিলেন। সেই মানুষটাও চলে গেলেন।’

অন্যদিকে ছোট পুত্রবধূ রেশমা বেগম আহাজারি করে বলেন, ‘মেয়ের বাড়িত বেড়াবার যাওয়ার কথা কয়া হামার শাশুড়ি বিয়ানবেলা বাড়িত থ্যাকে বের হলেন। কিন্তু মেয়ের বাড়িত আর যাওয়া হলো না, ফিরলেন লাশ হয়্যা।’

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।