গাজীপুরের এক কলেজ শিক্ষার্থীকে বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন আদালতে তাকে হাজির করা হলে জেলহাজতের নির্দেশনা দেন বিচারক। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় এই নির্দেশনা দেওয়া হয়।

গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় গাজীপুরের গাছা থানা এলাকা থেকে তাকে আটক করে মেট্রোপলিটন পুলিশ। পরে রাতে ৯টায় তাকে থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিটির নাম সিফাত আব্দুল্লাহ। তিনি গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার মো. সিকান্দর আলীর সন্তান। বর্তমানে তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের অন্যান্য নেতাদের নিয়ে দীর্ঘদিন ধরেই কুরুচিপূর্ণ মন্তব্য ও লেখালেখি করে আসছিলেন সিফাত। বৃহস্পতিবার তিনি ফেসবুকে ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন। ওই ভিডিওতে তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তীব্র গালিগালাজ করেন।

ভিডিওটিতে সিফাত জানান, চলতি মাসে তাঁর বাড়িতে ৪ হাজার টাকা এবং গত মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। স্বাভাবিক খরচের চেয়ে এই বিল অতিরিক্ত হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি ভিডিওটি শেয়ার করেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনার তদন্তে নামে পুলিশ এবং পরবর্তীতে তাকে আটক করা হয়।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। ওই মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। প্রয়োজন হলে পরবর্তী সময়ে তার রিমান্ড চাওয়া হতে পারে।