নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়া এলাকার একটি পুকুর থেকে সক্রিয় গ্রেনেড উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয় দুই যুবক তানভির ও আনসারুল আশির উদ্দিন শাহর পুকুরে গোসল করতে নামলে পানির নিচে তানভিরের পায়ে একটি ভারী বস্তু লাগে। তারা বস্তুটি পানির নিচ থেকে তুলে পুকুরপাড়ে আনলে তা গ্রেনেড বলে সন্দেহ হয়। পরে পলিথিনে মুড়িয়ে রাখা হলে সৈয়দপুর থানায় খবর দেওয়া হয়।
স্থানীয়দের দাবি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বস্তুটিকে খেলনা বলে গুরুত্ব দেননি। এর পরিপ্রেক্ষিতে তারা র্যাবকে বিষয়টি জানান। ফলে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে র্যাব-১৩, নীলফামারী সিপিসি-২-এর একটি দল ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে। র্যাব কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া গ্রেনেডটি সক্রিয় বলে ধারণা করা হচ্ছে। এটি সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত হয়ে থাকতে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর রংপুর থেকে র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি দল ঘটনাস্থলে আসে। সার্জেন্ট আব্দুল বারীর নেতৃত্বে দলটি গ্রেনেডটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছে। অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী র্যাবের স্কোয়াড কমান্ডার এএসপি এটিএম তৌহিদুল ইসলাম ও কোম্পানি কমান্ডার আশরাফুল কবির।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।