ঠাকুরগাঁওয়ের বালিডাঙ্গী উপজেলার চাড়োল গ্রামে বাড়ির পাশের একটি পুকুর থেকে নিখোঁজ কিশোর পারভেজের (১৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিখোঁজ হওয়ার তিন দিন পর শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে।
জীবিকার তাগিদে কুমিল্লায় কর্মরত আনোয়ার হোসেনের ছেলে পারভেজ গত মঙ্গলবার বাড়ি থেকে ৬ হাজার টাকা নিয়ে বের হন। ওই দিন মায়ের সঙ্গে শেষবার মোবাইল ফোনে কথা বলার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
শুক্রবার সকালে চাড়োল গ্রামের একটি পুরনো পুকুরে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ ও স্বজনদের খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশটি উদ্ধার করলে স্বজনেরা শরীরের বিভিন্ন চিহ্ন দেখে নিহতের পরিচয় নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সুলতানুল আজম জানান, পারভেজ মাঝে মাঝে মাদকসেবন করতেন। সকালে পুকুরে তার মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে তিনি তাৎক্ষণিক থানায় জানান।
বালিডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।