বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আজ শুক্রবার সকালে জয়পুরহাট–মোকামতলা আঞ্চলিক মহাসড়কের গোপীনাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সরকারি সফরে জয়পুরহাট যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়ির সামনে হঠাৎ ফিরোজা বিবি নামের এক নারী রাস্তায় নেমে আসেন। চালক গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে তা সড়কের পাশের ধানখেতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী নাজমা আরা বেগম আহত হন।
দুর্ঘটনার পর আহত ফিরোজা বিবিকে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি মারা যান। জয়পুরহাট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে প্রতিমন্ত্রীর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। হাসপাতাল তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জানান, প্রতিমন্ত্রীর কোনো হাড় ভাঙেনি। তাঁর ডান পায়ে সফট টিস্যু ইনজুরি হয়েছে। এ ছাড়া হাত, কাঁধ ও ঘাড়ে সাময়িক আঘাত পেয়েছেন। পায়ে ‘শর্ট লেগ’ প্লাস্টার দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।
জেলা প্রশাসক আল-মামুন মিয়া নিশ্চিত করেন, আজ বেলা একটার দিকে প্রতিমন্ত্রী অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনার কারণে জয়পুরহাটে নির্ধারিত কোনো অনুষ্ঠানে তিনি অংশ নিতে পারেননি।