ঢাকা থেকে নিজ নির্বাচনি এলাকা জয়পুরহাট যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারী। আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনায় তার সহধর্মিণী নাজমা আরা বেগমও আহত হলেও তিনি বর্তমানে সুস্থ আছেন। অন্যদিকে, এই দুর্ঘটনায় নিহত হয়েছেন এক পথচারী নারী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা–জয়পুরহাট মহাসড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিমন্ত্রীর গাড়িটি ওই এলাকায় পৌঁছানোর সময় ফিরোজা বেগম (৬০) নামের এক নারী হঠাৎ রাস্তার সামনে চলে আসেন। তাকে রক্ষা করতে গিয়ে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে তা পাশের ধানক্ষেতে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী, তার স্ত্রী ও ওই পথচারী নারী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নিজামুদ্দিন সরদারের স্ত্রী।

দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রথমে কালাইয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল বলেন, দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর ডান পা, বাঁ কাঁধ (শোল্ডার) ও বুকে আঘাত লেগেছে। তবে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।