ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের দেহন গ্রামের একটি কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সকালে স্থানীয়রা কবর জিয়ারত করতে গিয়ে এ অবস্থা দেখতে পান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা কাউসার রহমান দুলাল জানান, সকালে সবাই মিলে কবর জিয়ারত করতে গিয়ে দেখেন এক স্থানে তিনটি এবং কিছুটা দূরে আরও দুটিসহ মোট পাঁচটি কবর খোঁড়া। কে বা কারা কবরগুলো থেকে কঙ্কাল নিয়ে গেছে।
তফায়েল আহমেদ নামে আরেকজন বাসিন্দা বলেন, "বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মৃত্যুর পরেও মানুষ নিরাপদ নয়! প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।"
আব্দুল জলিল বলেন, "মানুষের বিবেক আজ কোথায় গিয়ে ঠেকেছে! ফেসবুকের মাধ্যমে খবরটি জানতে পেরে ঘটনাস্থলে এসে দেখি পাঁচটি কবর থেকে কঙ্কাল উধাও। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।"
নিহতের স্বজন আকরাম আলী বলেন, "সকালে এসে দেখি আমার দাদিসহ মোট পাঁচটি কবরের মাটি সরানো। কঙ্কাল নেই, শুধু কাফনের কাপড় পড়ে আছে। পরে আমরা কবরগুলোতে আবার মাটি দিয়েছি।"
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"