দৈনন্দিন বাজারজাতকরণের খরচ কমাতে এবং কেনাকাটাকে আরও সহজ করতে ফুডপ্যান্ডা ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) আওতাধীন ফ্রেশ সুপার মার্ট যৌথভাবে একটি বিশেষ প্রচার কার্যক্রম শুরু করেছে। আগামী সেপ্টেম্বর মাস জুড়ে ফ্রেশ সুপার মার্টের ২৪৫টির বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ৩৪ শতাংশ পর্যন্ত সাশ্রয়ের সুযোগ পাবেন ক্রেতারা।

সম্প্রতি ফুডপ্যান্ডার প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় ফুডপ্যান্ডার কিউ-কমার্স সেবার মাধ্যমে ফ্রেশ সুপার মার্টের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য সরাসরি হোম ডেলিভারি পাওয়া যাবে। এছাড়া ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে ফ্রেশ সুপার মার্টের সকল শাখার ক্যাফে থেকে পিকআপ অর্ডার করলে পেস্ট্রি ও পানীয়তে ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।

বর্তমানে ঢাকার ১০টি নির্দিষ্ট শাখা থেকে ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য অর্ডার করা সম্ভব। তালিকাভুক্ত শাখাগুলো হলো মতিঝিল, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর–১০, মিরপুর–১১, পল্লবী, উত্তরা সেন্টার, উত্তরা নর্থ সি গেট, উত্তরা নর্থ ডি গেট ও গুলশান–১।

বিষয়টি নিয়ে ফুডপ্যান্ডা বাংলাদেশের কিউ-কমার্স বিভাগের পরিচালক মোহাম্মদ তাবরেজ খান বলেন, "ফ্রেশ সুপার মার্টের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে তাদের পণ্যসম্ভার এবং ফুডপ্যান্ডার প্রযুক্তি ও ডেলিভারি নেটওয়ার্ককে একসঙ্গে কাজে লাগানো হচ্ছে। এর ফলে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গ্রাহকেরা আরও সহজে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।"

অন্যদিকে, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ডিরেক্টর তানভীর মোস্তফা বলেন, "ফুডপ্যান্ডার সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে সেই সুবিধা আরও বাড়ল। একটি বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এখন গ্রাহকেরা ঘরে বসেই ফ্রেশ সুপার মার্টের পণ্য সহজে পেতে পারবেন।"