রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) চলমান তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো ২০২৬’-এর আজ শনিবার (২১ নভেম্বর ২০২৬) শেষ দিন। সকাল ১০টায় শুরু হওয়া এই মেলা চলবে রাত ৮টা পর্যন্ত। আগ্রহী যে কেউ নিবন্ধন করার মাধ্যমে মেলায় প্রবেশ করতে পারবেন।
এই মেলায় দেশের নামকরা হোটেল-রিসোর্ট, ট্রাভেল এজেন্সি এবং ট্যুর অপারেটরসহ পর্যটন খাতের বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন সেবার ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় প্রদান করছে, যা পর্যটকদের জন্য একটি বড় সুযোগ।
দেশের অভ্যন্তরীণ পর্যটনের প্রসার ঘটানো, তরুণ প্রজন্মের মাঝে উদ্যোক্তা সৃষ্টি এবং পর্যটনশিল্পের অপার সম্ভাবনা সবার সামনে তুলে ধরার লক্ষ্য নিয়ে ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব) এই এক্সপোর আয়োজন করেছে। গত বৃহস্পতিবার কেআইবি প্রাঙ্গণে এই এক্সপোটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব ও কর্মসংস্থান) মো. সাইয়েদ বিন আবদুল্লাহ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (বিপণন, পরিকল্পনা ও জনসংযোগ) ও যুগ্ম সচিব আবু সেলিম মাহমুদ-উল হাসান, ইটাবের উপদেষ্টা মহসিনুল হাকিম, সভাপতি ইমরানুল আলম এবং সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম রাজা। পুরো অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এক্সপোর কনভেনার কামরুল হাসান ইমন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আমিনুল হক বাংলাদেশের পর্যটনশিল্পের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, “দেশের পর্যটনসম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে এ খাত অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।” তিনি তরুণদের দক্ষতা, উদ্ভাবনী চিন্তা এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগকে পর্যটনশিল্পে কাজে লাগানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং ইটাবের এই প্রশংসনীয় আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. সাইয়েদ বিন আবদুল্লাহ তরুণদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সরকারের গৃহীত পরিকল্পনা ও উদ্যোগগুলো তুলে ধরেন। তিনি পর্যটনশিল্পকে তরুণদের জন্য একটি সম্ভাবনাময় কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে উল্লেখ করে এই খাতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
তিন দিনব্যাপী এই এক্সপোতে দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটন গন্তব্য, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, হোটেল-রিসোর্ট, হাউসবোট, পরিবহন এবং পর্যটনসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের সেবা প্রদর্শন করছে। দর্শনার্থীরা এখানে সরাসরি ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং, এয়ার টিকিট এবং ভিসা প্রসেসিংসহ বিভিন্ন পর্যটনসেবা সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাচ্ছেন।
আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজন দেশের অভ্যন্তরীণ পর্যটনের বিকাশ ঘটাতে, তরুণ উদ্যোক্তা তৈরি করতে, কর্মসংস্থান বৃদ্ধি করতে এবং পর্যটনশিল্পের সরকারি-বেসরকারি অংশীজনদের মধ্যে একটি কার্যকর সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য যে, ইটাবের এই আয়োজনের ফিচার পার্টনার হিসেবে রয়েছে মুক্তকণ্ঠের শনিবারের ক্রোড়পত্র ‘ছুটির দিনে’।