দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে গেমিং জগতের সবচেয়ে আলোচিত ও বহুল প্রতীক্ষিত গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। এই গেমটির বিশ্বব্যাপী মুক্তির পরদিনই রাজধানী ঢাকায় গেমারদের জন্য বিশেষ এক অভিজ্ঞতা তৈরির উদ্যোগ নিয়েছে গিগাবাইট ও গেমিং ব্র্যান্ড অরাস। গত বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় গেমারদের জন্য গেমটি খেলার বিশেষ সুযোগ করে দেওয়া হয়। ‘গিগাবাইট প্রেজেন্টস এক্সপেরিয়েন্স গ্র্যান্ড থেফট অটো ৬’ শীর্ষক এই বিশেষ আয়োজনে সহযোগী হিসেবে কাজ করেছে প্লেএভার।

বিকেল সাড়ে চারটায় শুরু হওয়া এই অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক গেমার, কনটেন্ট নির্মাতা এবং প্রযুক্তিপ্রেমীরা ভিড় করেন। আয়োজনের বিশেষ দিক ছিল যে, প্রথম ১০০ জন অংশগ্রহণকারী গেমটি মুক্তির দিনেই সরাসরি খেলার সুযোগ পান। গেম প্লে সেশনের পাশাপাশি এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল গিগাবাইট ও অরাসের সর্বশেষ প্রযুক্তির পণ্যসমূহের প্রদর্শনী। সেখানে উপস্থিত দর্শনার্থীরা নতুন প্রজন্মের মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড, গেমিং ল্যাপটপ এবং হাই রিফ্রেশ রেট মনিটরগুলো খুব কাছ থেকে দেখার এবং ব্যবহার করে দেখার সুযোগ পান।

গিগাবাইটের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, “বাংলাদেশের গেমিং কমিউনিটিকে বিশ্বমানের গেমিং ও হার্ডওয়্যার অভিজ্ঞতার সঙ্গে যুক্ত রাখতেই এই উদ্যোগ। দেশের গেমিং ইন্ডাস্ট্রির প্রসারে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে গিগাবাইটের।”