দেশের প্রযুক্তি বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল গিগাবাইটের গেমিং ব্র্যান্ড অরাসের নতুন ল্যাপটপ ‘অরাস মাস্টার ১৬’। উচ্চক্ষমতাসম্পন্ন প্রসেসর, শক্তিশালী গ্রাফিক্স কার্ড এবং উন্নত ওএলইডি ডিসপ্লের সমন্বয়ে তৈরি এই ল্যাপটপটি মূলত পেশাদার গেমার, স্ট্রিমার এবং কনটেন্ট নির্মাতাদের বিশেষ চাহিদাকে সামনে রেখে বাজারে আনা হয়েছে।
পারফরম্যান্সের কথা বলতে গেলে, এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে এএমডির রাইজেন ৯ ৯৯৫৫এইচএক্স৩ডি প্রসেসর। গ্রাফিক্সের জন্য এতে যুক্ত করা হয়েছে এনভিডিয়ার জিফোর্স আরটিএক্স ৫০৮০ ল্যাপটপ জিপিইউ। এই শক্তিশালী জিপিইউর কল্যাণে ব্যবহারকারীরা হালনাগাদ ভারী গেমগুলো উচ্চ সেটিংসে খেলতে পারবেন এবং ভিডিও সম্পাদনা ও থ্রিডি রেন্ডারিংয়ের মতো জটিল কাজগুলোতে অত্যন্ত কার্যকর পারফরম্যান্স পাবেন।
ল্যাপটপটির ডিসপ্লে হিসেবে রয়েছে ১৬ ইঞ্চির ওএলইডি প্যানেল, যার রিফ্রেশ রেট ২৪০ হার্টজ। এর ফলে দ্রুতগতির গেমিংয়ের সময় ছবি থাকবে অত্যন্ত মসৃণ এবং রং হবে উজ্জ্বল ও প্রাণবন্ত। মেমোরির জন্য এতে দেওয়া হয়েছে ১৬ গিগাবাইট ডিডিআর–৫ র্যাম এবং স্টোরেজের জন্য ১ টেরাবাইট এনভিএমই এসএসডি। ল্যাপটপটিতে প্রি-ইনস্টল করা আছে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম। এছাড়া এর কি-বোর্ডে আরজিবি ব্যাকলাইট এবং ল্যাপটপের নিচের অংশে আকর্ষণীয় আলোকসজ্জার ব্যবস্থা রাখা হয়েছে।
গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান মুক্তকণ্ঠকে বলেন, “অরাস মাস্টার ১৬ ল্যাপটপের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ৫ লাখ ৫০ হাজার টাকা। ল্যাপটপটি কিনলে ক্রেতারা উপহার হিসেবে পাচ্ছেন গিগাবাইটের জিএস২৪এফ১৪ মডেলের একটি ২৫ ইঞ্চি গেমিং মনিটর।”
তিনি আরও জানান যে, দেশের বড় বড় কম্পিউটার পণ্যের বিক্রয়কেন্দ্রে এই প্রিমিয়াম ল্যাপটপটি পাওয়া যাবে।