ঘটনাটি গত সপ্তাহের। বিকেলের দিকে এলাকার একটি চায়ের দোকানে বসে সময় কাটাচ্ছিলাম আমি। চারপাশের পরিবেশ দেখে মনে হচ্ছিল যেন কুয়াশার চাদর বিছানো। ফার্মেসি থেকে কেনা সস্তা একটি মাস্ক মুখে দিয়ে বসেছিলাম। হাতে ছিল ধোঁয়া ওঠা চায়ের কাপ। মাস্কটি সামান্য সরিয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছিলাম আর মনে মনে প্রার্থনা করছিলাম, যেন কোনো পরিচিত বন্ধু-বান্ধবের সাথে দেখা না হয়। কারণ মাস্ক পরা দেখলেই তারা নানা রকম রসিকতা শুরু করবে। ‘আইছে আমার সচেতন ব্যক্তি’ বলে তারা হাসি-তামাশা করবে। আমি তাদের কখনোই বোঝাতে পারি না যে আমার ভয়াবহ ডাস্ট অ্যালার্জি রয়েছে এবং টানা ১১২টি হাঁচি দেওয়ার রেকর্ড আমার আছে।

যাহোক, আমার সেই দোয়া আংশিক কবুল হলো। বন্ধুদের কারও সাথে দেখা না হলেও এলাকার এক বিটলা টাইপ ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। সে আমাকে দেখেই মন্তব্য করল, ‘মাস্ক পরাতে তো আপনাকে ভদ্রলোকের মতো লাগতেছে, ভাই!’

আমি কিছুটা বিরক্ত হয়ে তাকে জিজ্ঞেস করলাম, ‘মাস্ক না থাকলে অভদ্র মনে হয়?’

সে উত্তর দিল, ‘আরে না, ভাই। তবে এমনিতে আপনার চেহারা দেখলেই মনে হয় কিছু না কিছু ফন্দিফিকির করতেছেন!’

আমি বিরক্ত মুখে মাস্ক সরিয়ে সরিয়ে চায়ের কাপে চুমুক দিতে থাকলাম।

ছোট ভাই তখন বলল, ‘আরে ভাই, মাস্ক সরিয়ে বুক ভরে নিশ্বাস নেন। কী সুন্দর কুয়াশা কুয়াশা বাতাস। আমি আজ সকালে টানা আধা ঘণ্টা শুধু নিশ্বাস নিছি।’

আমি তাকে বললাম, ‘তোর নিশ্বাস তুই নে, আমারটা নিয়ে ভাবতে হবে না।’

সে আবারও অনুরোধ করল, ‘আরে ভাই, একবার নিয়েই দেখেন, ভালো লাগবে।’

আমি বিরক্ত হয়ে মোবাইল ফোনটি বের করলাম। সংবাদপত্রের অ্যাপে ঢুকে সেদিনের একটি খবর তাকে দেখালাম—যেখানে লেখা ছিল ঢাকা আজ বিশ্বের সবচেয়ে দূষিত নগরী এবং বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।

খবরটি দেখে ছোট ভাইয়ের চোখমুখ শক্ত হয়ে গেল। আমি তাকে বললাম, ‘পুরাটা পড়!’

সে পুরো খবরটি পড়ল এবং তারপর গম্ভীর গলায় বলল, ‘আমি আরও ভাবলাম, “নির্মল” বাতাস, কী সুন্দর কুয়াশা! আমার তো ভাই ফুসফুস আজই অর্ধেক গেছেগা!’

আমিও গম্ভীরভাবে মাথা নাড়লাম। ফুসফুসের ক্ষতি হওয়ারই কথা।

ছোট ভাই তখন চিন্তিত মুখে কিছু ভাবছিল। আমি নরম গলায় তাকে বললাম, ‘এত ভাবিস না। অন্তত এই ভেবে সান্ত্বনা নে, অন্তত কিছু একটাতে তো আজ আমরা বিশ্বের সেরা…’

তখনই ছোট ভাই বলে উঠল, ‘রাখেন আপনার বিশ্বের সেরা। করোনার সময় ১০ হাজার মাস্ক কিনে রাখছিলাম। পরে পাঁচ গুণ বেশি দামে বেচছি। লাভের ওপর লাভ।’

আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ‘তো?’

সে বলল, ‘আমাকে খালি একটা ইনফরমেশন দেন ভাই, এই দূষিত বাতাস আর কয় দিন থাকব? মাস্ক স্টক করুম কয় পিস?’

আমি বিস্ময় নিয়ে বললাম, ‘এই নিয়েও তুই ব্যবসা করবি?’

ছোট ভাই তখন অবিকল রাজনৈতিক নেতাদের ভঙ্গিতে বলে উঠল, ‘প্রকৃতির ওপর আমার হাত নাই। আমার হাত আছে ব্যবসার ওপর। তো, আমি যেটা পারি, সেখানে ছাড় দেব কেন! বলেন ভাই, উত্তর দেন। চুপ করে আছেন কেন…’

আমি চুপ করেই রইলাম। কারণ এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, আর আমার ধারণা অন্য কারও কাছেও নেই।

—বি.স