ফরাসি অপেরা সংগীতের সাথে বাংলা অপেরার সুরের এক অনন্য সম্মিলনে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ সংগীতানুষ্ঠান ‘ফ্রেঞ্চ অপেরা শো ব্লেন্ডেড উইথ বাংলা অপেরা’। ফ্রান্স দূতাবাসের বিশেষ আমন্ত্রণে ঢাকায় আসা দেশটির প্রখ্যাত অপেরাশিল্পী ভেরোনিক পেইন এবং পিয়ানিস্ট ফ্যাব্রিস মেইত্রের অসাধারণ পরিবেশনায় শনিবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে এই আয়োজনটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত এবং আয়োজক কমিটির পৃষ্ঠপোষক জ্যঁ-মার্ক সেরে-শারলে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তাঁদের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও সামনের দিকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

আনুষ্ঠানিক বক্তব্যের পর শুরু হয় মূল অপেরা পরিবেশনা। ফরাসি অপেরাশিল্পী ভেরোনিক পেইনের সুমধুর কণ্ঠের সাথে পিয়ানোয় সংগত করেন ফ্যাব্রিস মেইত্রে। পরিবেশনার আগে দুই শিল্পীই বাংলাদেশে প্রথমবারের মতো ফরাসি অপেরার এমন এক বিশেষ আয়োজনের অংশ হতে পেরে তাঁদের আনন্দ ও গর্ব প্রকাশ করেন। তাঁদের নিপুণ পরিবেশনায় ফুটে ওঠে ফরাসি অপেরার দীর্ঘ ঐতিহ্য, বৈচিত্র্য এবং নান্দনিক সৌন্দর্য।

ইউরোপীয় অপেরার সাথে বাংলাদেশের ঐতিহ্যবাহী গীতিনাট্য বা পালাগানের বেশ কিছু মিল লক্ষ্য করা যায়। উভয় মাধ্যমেই গানের মাধ্যমে মানুষের প্রেম, আবেগ, আনন্দ-বেদনা, দ্বন্দ্ব এবং জীবনের নানা গল্প ফুটিয়ে তোলা হয়। তবে অপেরার বিশেষ বৈশিষ্ট্য হলো, এখানে সংগীতের পাশাপাশি অভিনয়, সংলাপ, নাটকীয় অভিব্যক্তি এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ মঞ্চনাট্য উপস্থাপিত হয়।

অনুষ্ঠানে পরিবেশিত বেশ কিছু অপেরা ছিল ফরাসি ভাষায়। যদিও এই ভাষাটি অনেক শ্রোতার কাছেই অপরিচিত ছিল, তবে পরিবেশনার আবেগ ও সুরের মূর্ছনা উপভোগের ক্ষেত্রে তা কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। প্রতিটি পরিবেশনার আগে শিল্পীরা ইংরেজিতে সংশ্লিষ্ট অপেরার কাহিনি, চরিত্র এবং গানের প্রেক্ষাপট সংক্ষেপে ব্যাখ্যা করে দেন। এর ফলে ভাষা না বুঝলেও গানের মর্মার্থ এবং পরিবেশনার নাটকীয়তা সহজেই অনুসরণ করতে পেরেছেন উপস্থিত দর্শকেরা।

সংগীত পরিবেশনাটি ফরাসি, আমেরিকান ও ইতালীয়—এই তিন ধারায় সাজানো হয়েছিল। ফরাসি পর্বে ‘কারমেন’ ও ‘লা বেল হেলেন’-এর মতো বিখ্যাত অপেরার অংশ, আমেরিকান পর্বে ‘পর্গি অ্যান্ড বেস’, ‘ক্যান্ডিড’ ও ‘মাই ফেয়ার লেডি’র মতো মিউজিক্যালের অংশ এবং ইতালীয় পর্বে ‘টোস্কা’ ও ‘লা ত্রাভিয়াতা’র মতো অপেরার অংশ পরিবেশন করেন দুই শিল্পী। এর পাশাপাশি যুক্ত হয় বাংলা অপেরা সুর ও সংগীতের পরিবেশনা। এসব পরিবেশনার মাধ্যমে উঠে আসে পুরাণ, প্রেম, বিরহ, সামাজিক অবস্থান এবং মানবজীবনের নানা বৈচিত্র্যময় গল্প।

অধিকাংশ পরিবেশনায় কণ্ঠ দেন ভেরোনিক পেইন। গানের ফাঁকে ফাঁকে পিয়ানোয় একক পরিবেশনার পাশাপাশি গানও শোনান ফ্যাব্রিস মেইত্রে। পিয়ানোর মূর্ছনা আর ভেরোনিকের অপেরাধর্মী কণ্ঠের অসাধারণ মেলবন্ধনে পুরো আয়োজনজুড়ে এক ভিন্ন ও মায়াবী আবহ তৈরি হয়।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং ঢাকার ফরাসি দূতাবাস ও ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশনের (ডিইউসিএফ)-এর সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড। দুই দেশের সংগীত ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে একই মঞ্চে তুলে ধরাই ছিল এই বিশেষ আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফ্রান্সের দুই শিল্পীকে নিয়ে পরিবেশিত হয় বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। এই আবেগঘন মুহূর্তে মিলনায়তনে উপস্থিত দর্শক-শ্রোতা সবাই দাঁড়িয়ে তাঁদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।