প্রাণবন্ত পরিবেশনা এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই বর্ণিল আয়োজনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল আউয়াল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার সেক্রেটারি হাসনাত মোশাররফ।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে উপাচার্য অধ্যাপক আবদুল আউয়াল খান জানান, মানসম্মত শিক্ষা এবং গবেষণার মাধ্যমে দক্ষ ও মানবিক মানুষ তৈরি করাই এই বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের কেবল পুঁথিগত বিদ্যা অর্জন বা পেশাগত সফলতায় সীমাবদ্ধ না থেকে নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হয়ে ওঠার আহ্বান জানান তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, “সততা, নৈতিকতা ও মানবিকতার চর্চার মধ্য দিয়েই প্রকৃত সাফল্য অর্জন সম্ভব।”

নবীনদের স্বাগত জানিয়ে বিশেষ অতিথি হাসনাত মোশাররফ বলেন, “ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে চায়, যেন তাঁরা পেশাগত সাফল্য অর্জনের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন।”

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, বিভিন্ন সুযোগ-সুবিধা এবং সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সংগীত, নৃত্য এবং দলীয় পরিবেশনার মাধ্যমে তাদের সৃজনশীল প্রতিভা প্রদর্শন করেন, যা পুরো অডিটোরিয়ামকে উৎসবমুখর করে তোলে।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এইচ টি এম কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম, আইকিউএসি পরিচালক অধ্যাপক মোহাম্মদ একরামুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী এবং রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক। এছাড়া বিভিন্ন বিভাগের প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক কর্মকর্তা ও শিক্ষার্থী এই আয়োজনে অংশ নেন।