ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার লক্ষ্যে এক জমকালো নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত মঙ্গলবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের প্রধান আবুল কালাম মো. রেজাউল করিম।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাদের আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্যের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান যেন তারা সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নিজেদের একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে তার সাম্প্রতিক চীন সফরের বিভিন্ন উল্লেখযোগ্য স্মৃতি সবার সাথে শেয়ার করেন এবং চীনের মতো একটি উন্নত দেশ থেকে তিনি কী ধরনের অভিজ্ঞতা অর্জন করেছেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথি ড. মুহাম্মদ শাহীন চৌধুরী ইস্টার্ন ইউনিভার্সিটির প্রাণবন্ত ক্যাম্পাস পরিবেশ এবং বিশ্ববিদ্যালয় পরিবারের আন্তরিক আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন। বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান যেন তারা কেবল ডিগ্রি অর্জন নয়, বরং একজন ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলে। স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর মো. শামসুল হুদা শিক্ষার্থীদের সামনে জ্ঞানভিত্তিক শিক্ষার গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান, স্কুল অব আর্টসের ডিন ড. শাফিয়া আখতার এবং স্কুল অব বিজনেসের ডিন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. ইকবাল আজিম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং ভিস্তা ইলেকট্রনিকস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশও তাঁর অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম ও আদর্শ মেনে চলার শপথ গ্রহণ করেন। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিপুল সংখ্যক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আহ্বায়ক এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ইবনে আনোয়ার সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীনবরণ আয়োজনের সমাপ্তি ঘটে।